কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪ PM
কন্টেন্ট: পাতা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ইতিহাস, পরিচিতি ও কার্যাবলি
১. পরিচিতি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা। দেশের আর্থসামাজিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নের জন্য প্রয়োজনীয় নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ করা এ প্রতিষ্ঠানের অন্যতম প্রধান দায়িত্ব।
২. প্রতিষ্ঠার ইতিহাস
১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে সরকারি পরিসংখ্যান ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন, অসংগঠিত ও সমন্বয়হীন। সে সময় বিভিন্ন সরকারি সংস্থা পৃথকভাবে পরিসংখ্যানগত উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করত। সংস্থাগুলোর মধ্যে পর্যাপ্ত সমন্বয়ের অভাবে উপাত্তের পুনরাবৃত্তি, অপর্যাপ্ততা ও অসম্পূর্ণতার মতো সমস্যা দেখা দিত। ফলে জাতীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য প্রয়োজনীয় নির্ভরযোগ্য পরিসংখ্যানের চাহিদা যথাযথভাবে পূরণ করা সম্ভব হচ্ছিল না।
এ পরিস্থিতিতে একটি সমন্বিত ও কেন্দ্রীয় জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। এ প্রয়োজনীয়তা উপলব্ধি করে তৎকালীন সরকার দেশের পরিসংখ্যান কার্যক্রমকে সুসংহত ও সমন্বিত করার উদ্যোগ গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, ১৯৭৪ সালের আগস্ট মাসে তৎকালীন সরকার তৎকালীন প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের চারটি পরিসংখ্যান সংস্থা একীভূত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (Bangladesh Bureau of Statistics-BBS) প্রতিষ্ঠা করেন। একীভূত সংস্থাগুলো হলো:
পরিসংখ্যান ব্যুরো (Bureau of Statistics);
কৃষি পরিসংখ্যান ব্যুরো (Bureau of Agriculture Statistics);
কৃষি শুমারি কমিশন (Agriculture Census Commission); এবং
জনসংখ্যা শুমারি কমিশন (Population Census Commission)।
বিবিএস প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে একজন মহাপরিচালক নিয়োগ করা হয়। একই সঙ্গে সরকারি পরিসংখ্যান কার্যক্রমকে অধিকতর দক্ষ, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।
১৯৭৫ সালের জুলাই মাসে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান বিভাগ (Statistics Division) প্রতিষ্ঠা করা হয়। এ বিভাগের মূল উদ্দেশ্য ছিল মন্ত্রণালয় পর্যায়ে বিবিএস এর কার্যক্রমের সমন্বয়, তদারকি ও সহযোগিতা নিশ্চিত করা। পরিসংখ্যান বিভাগের প্রধান হিসেবে একজন সচিব দায়িত্ব পালন করতেন, যিনি একই সঙ্গে বিবিএসের মহাপরিচালকের দায়িত্বও পালন করতেন।
পরবর্তীতে, ২০০২ সালে পরিসংখ্যান বিভাগকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সঙ্গে একীভূত করা হয় এবং বিবিএসকে পরিকল্পনা বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে ন্যস্ত করা হয়। বিবিএসএর প্রধান নির্বাহী হিসেবে মহাপরিচালক প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
৩. প্রধান দায়িত্ব ও কার্যাবলি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের সরকারি পরিসংখ্যান কার্যক্রমের কারিগরি ও প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটির প্রধান দায়িত্ব ও কার্যাবলির মধ্যে রয়েছে-
দেশের বিভিন্ন খাতের পরিসংখ্যানগত উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও প্রকাশ;
জনসংখ্যা, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারি এবং বিভিন্ন নমুনা জরিপ পরিচালনা;
দেশের জনসংখ্যা, কৃষি, শিক্ষা, অর্থনীতি, সমাজবাজার, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য আর্থসামাজিক বিষয়ে পরিসংখ্যান প্রস্তুত;
জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও নীতি প্রণয়নের প্রয়োজনে পরিসংখ্যান সরবরাহ;
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, পরিকল্পনাবিদ এবং অন্যান্য ব্যবহারকারীর তথ্যের চাহিদা পূরণ;
জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন ও সমন্বয় সাধন; এবং
নির্ভরযোগ্য ও সময়োপযোগী পরিসংখ্যান প্রস্তুতের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সহায়তা প্রদান।
৪. সাংগঠনিক কাঠামো ও মাঠপর্যায়ের কার্যালয়
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের সর্বত্র পরিসংখ্যান কার্যক্রম পরিচালনার জন্য একটি বিকেন্দ্রীভূত সাংগঠনিক কাঠামোর মাধ্যমে কাজ করে। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। মাঠপর্যায়ের কার্যালয়সমূহ হলো-
* বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়;
* জেলা পরিসংখ্যান কার্যালয়; এবং
* উপজেলা/থানা পরিসংখ্যান কার্যালয়।
এসব কার্যালয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পরিসংখ্যানগত উপাত্ত সংগ্রহ, জরিপ ও শুমারি পরিচালনা এবং অন্যান্য পরিসংখ্যান কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
৫. জাতীয় উন্নয়নে বিবিএসের ভূমিকা
বাংলাদেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সঠিক জাতীয় পর্যায়ে প্রয়োজনীয় পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের মাধ্যমে সরকার, গবেষক, পরিকল্পনাবিদ এবং অন্যান্যকে অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
দেশের জনমিতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা এবং উন্নয়ন পরিকল্পনার জন্য প্রয়োজনীয় তথ্যের যোগান নিশ্চিত করার ক্ষেত্রে বিবিএসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।